গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম, যিনি সুইডেন আসলাম নামে পরিচিত। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান।
সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। তার বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে, যার মধ্যে ৯টি হত্যা মামলা।
কারা কর্তৃপক্ষ জানায়, সুইডেন আসলাম ২০১৪ সাল থেকে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ছিল ৬৬৩/২০। ২০০৫ সালের ৩১ জানুয়ারি তিনি গ্রেফতার হন। মঙ্গলবার তার জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই শেষে রাত ৯টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান জানান, ২০১৪ সাল থেকে সুইডেন আসলাম কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। জামিনের কাগজপত্র যাচাইয়ের পর রাতেই তাকে মুক্তি দেওয়া হয়।

0 Comments